চীনের তুজিয়া উপজাতির কান্নার বিয়ে: কনে কেন এক মাস কাঁদে? | Tujia Crying Marriage
একটি বিয়ের দিন! চারদিকে উৎসবের আমেজ, লাল রঙের সাজসজ্জা, আত্মীয়স্বজনের ভিড়, আনন্দ আর নতুন জীবনের স্বপ্ন। কিন্তু চীনের একটি প্রাচীন বিয়ের প্রথায় দৃশ্যটি ছিল সম্পূর্ণ ভিন্ন!
এখানে বিয়ের আগে কনেকে হাসতে দেখা নয়, বরং কাঁদতে দেখা ছিল ঐতিহ্যের অংশ। শুধু কনেই নয়, কখনো কখনো পরিবারের অন্য নারীরাও তার সঙ্গে কাঁদতেন। আর এই কান্না ছিল না নিছক দুঃখের বহিঃপ্রকাশ, এটি ছিল একটি সামাজিক ও সাংস্কৃতিক আচার, যার নাম Crying Marriage Ritual বা বিয়ের কান্নার প্রথা।
এরা তুজিয়া জনগোষ্ঠী। বসবাস হুবেই, হুনান আর সিচুয়ান অঞ্চলের পাহাড়ি জনপদে। তাদের এই প্রাচীন রীতির নাম ‘কু জিয়া’, অর্থাৎ ‘কান্নার বিয়ে’।
কিন্তু প্রশ্ন হলো, যে বিয়েতে আনন্দ থাকার কথা, সেখানে কান্নাকে কেন এত গুরুত্ব দেওয়া হতো?
এই প্রথায় বিয়ের কয়েক দিন, কখনো কখনো এক মাস আগে থেকেই কনের কান্নার আয়োজন শুরু হয়। তুজিয়া সম্প্রদায়ের কিছু অঞ্চলে কিশোরী বয়স থেকেই মেয়েরা এই বিশেষ কান্নার গান শেখার চর্চা করে।
সে গেয়ে ওঠে বাবা-মায়ের স্নেহের কথা, শৈশবের উঠোনের কথা, যে ঘরে বড় হয়েছে সেই ঘরের কথা। বিদায়ের ভয়, অচেনা সংসারের শঙ্কা, সবই মিশে যায় সেই সুরে।
বিয়ের সময় যত এগিয়ে আসে, ততই বাড়তে থাকে কান্নার আয়োজন।
প্রথমে কনে একা কাঁদে। এরপর কিছুদিন পর কান্নায় যোগ দেয় মা। তারপর ঠাকুমা, বোনেরা, প্রতিবেশী নারীরা। এক কণ্ঠ থেকে হয়ে ওঠে অনেক কণ্ঠ। ছোট ঘরটা ভরে যায় এক অদ্ভুত সুরেলা বিষাদে।
এই ধারার সবচেয়ে বিখ্যাত অংশ ‘দশ বোনের কান্না’। বিয়ের আগের রাতে কনের সঙ্গে বসে তার সখীরা। রাতভর তারা কাঁদে আর গান গায়। এ যেন এক নারীর জীবনের একটি অধ্যায় শেষ হওয়ার সম্মিলিত শোকগাথা। নারীরা যে কথাগুলো সরাসরি বলতে পারে না, সেগুলোই প্রকাশ করে কান্নার সুরে।
সিচুয়ানের কিছু অঞ্চলে এই আচারকে বলা হয় 'জুও থাং' (Zuo Tang)। সেখানে বিয়ের প্রায় এক মাস আগে থেকে কনের কান্নার আয়োজন শুরু হওয়ার বর্ণনা পাওয়া যায়।
তারপর আসে সেই চূড়ান্ত দিন। কান্নার সুর হঠাৎ থেমে যায়, বেজে ওঠে উৎসবের বাদ্য। অশ্রুভেজা মুখেই কনে পা রাখে নতুন জীবনের পথে। দুঃখ আর আনন্দ, বিদায় আর শুরু, একই মুহূর্তে মিলে যায়।
কিন্তু প্রশ্ন হলো, কেন? বিয়ের দিনে কেন এত কান্না?
লোককথায় আছে, বহু শতাব্দী আগে ঝাও রাজ্যের এক রাজকন্যাকে দূর দেশে বিয়ে দেওয়া হয়েছিল ইয়ান রাজ্যে। । বিদায়ের মুহূর্তে মায়ের বুকফাটা কান্না সবাইকে স্পর্শ করেছিল। সেই থেকে কান্না হয়ে উঠল ভালোবাসার প্রকাশ।
যে মেয়ে যত কাঁদে, সমাজ তাকে ততই সংবেদনশীল ও পরিবারের প্রতি অনুগত বলে মনে করে। গবেষকরা দক্ষিণ চীনের বিয়ের কান্নার লিখিত উল্লেখ অন্তত দ্বাদশ শতাব্দীতে খুঁজে পেয়েছেন।
আজ আধুনিকতার ঢেউয়ে এই রীতি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তবু কিছু গ্রামে বৃদ্ধারা এখনো সেই পুরোনো সুর বুকে ধরে রেখেছেন। চীন সরকারও একে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে সংরক্ষণের চেষ্টা করছে।
হয়তো এই কান্না দুর্বলতা নয়। হয়তো এটাই ভালোবাসার সবচেয়ে সৎ ভাষা, যেখানে হাসির আগে অশ্রু আসে, কারণ যা সত্যিই মূল্যবান, তাকে ছেড়ে যেতে গেলে হৃদয় কাঁদেই।
