Codex Gigas: শয়তানের বাইবেলের ভয়ংকর ইতিহাস এবং অবিশ্বাস্য রহস্য
ভাবুন তো- একটি বই, যার ওজন প্রায় ৭৫ কেজি। যার প্রতিটি পৃষ্ঠা তৈরি হয়েছিল পশুর চামড়া বা পার্চমেন্ট দিয়ে। যে বইটি তৈরি হয়েছিল প্রায় ৮০০ বছর আগে। আর সেই বইয়ের একটি পাতায় আঁকা আছে-এক বিশাল, ভয়ংকর শয়তানের পূর্ণাঙ্গ ছবি!
মধ্যযুগের ইউরোপে এই বইকে ঘিরে জন্ম নিয়েছিল এমন এক রহস্য, যা আজও মানুষকে শিহরিত করে। কথিত আছে, একজন পাপী সন্ন্যাসীকে জীবন্ত দেয়ালের মধ্যে বন্দি করে দেওয়া হয়েছিল। নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে সে এক রাতের মধ্যে লিখে ফেলতে চেয়েছিল পৃথিবীর সবচেয়ে বড় বই। কিন্তু কাজটি ছিল মানুষের ক্ষমতার বাইরে। তখন সে সাহায্যের জন্য ডাকল শয়তানকে! আর শয়তান তাকে সাহায্য করেছিল তার আত্মারবিনিময়ে ।
তাহলে সেই ঐতিহাসিক বইটিই কি আজকের বিখ্যাত “Devil’s Bible”? বইটির পাতায় কি সত্যিই মানুষের রক্ত ব্যবহার করা হয়েছিল? এর ভেতরে কি সত্যিই শয়তানের মন্ত্র লেখা আছে? আর সবচেয়ে বড় প্রশ্ন - আসলে কে লিখেছিল এই রহস্যময় বই?
আজ আমরা কল্পকাহিনি নয়, বরং ইতিহাস, প্রাচীন পাণ্ডুলিপি এবং গবেষকদের তথ্যের ভিত্তিতে বিশ্লেষণ করব “শয়তানের বাইবেল”-এর আসল রহস্য।
বইটির প্রকৃত নাম Codex Gigas। ল্যাটিন ভাষায় “Codex” অর্থ পাণ্ডুলিপি বা বই, আর “Gigas” অর্থ দৈত্যাকার বা বিশাল। অর্থাৎ নামটির মূল অর্থ দাঁড়ায়-“দৈত্যাকার বই” বা “Giant Book”।
বর্তমানে এটি সুইডেনের স্টকহোমে National Library of Sweden-এ সংরক্ষিত আছে। এটিকে বিশ্বের সবচেয়ে বড় টিকে থাকা মধ্যযুগীয় পাণ্ডুলিপিগুলোর একটি হিসেবে ধরা হয়। পাণ্ডুলিপিটিতে রয়েছে ৩১০টি পার্চমেন্ট পাতা, এবং এর ওজন প্রায় ৭৫ কেজি। কিন্তু এত বিশাল বই কেন তৈরি করা হয়েছিল?
এখান থেকেই শুরু হচ্ছে রহস্য।...
Codex Gigas তৈরি হয়েছিল মধ্যযুগীয় Bohemia অঞ্চলে। যে অঞ্চলটি বর্তমানে মূলত চেক প্রজাতন্ত্রের অংশ।
গবেষণার ভিত্তিতে পাণ্ডুলিপিটির সময়কাল আনুমানিক ১২০৪ থেকে ১২৩০ খ্রিস্টাব্দের মধ্যে। অর্থাৎ আজ থেকে প্রায় আট শতাব্দী আগে। এই সময় ইউরোপে ছাপাখানা ছিল না। আজকের মতো একটি বই কয়েক ঘণ্টায় হাজার কপি ছাপিয়ে ফেলা সম্ভব ছিল না। একটি বড় বই তৈরি করতে একজন বা একাধিক দক্ষ লেখককে হাতে হাতে অক্ষর লিখতে হতো। পার্চমেন্ট প্রস্তুত করা, পৃষ্ঠা তৈরি করা, কালি বানানো, অক্ষর লেখা, অলংকরণ করা-সবকিছুই ছিল অত্যন্ত সময়সাপেক্ষ কাজ। তাই একটি এত বিশাল পাণ্ডুলিপি তৈরি করা ছিল বিশাল এক প্রকল্প।
আর এখানেই একটি প্রশ্ন আসে- তাহলে এত বড় বই লিখল কে?
সত্যি বলতে গেলে- নিশ্চিতভাবে তা আজও জানা যায়নি । সুইডেনের National Library-এর গবেষণা অনুযায়ী, পাণ্ডুলিপির ভেতরের লেখার ধরন ও অন্যান্য বৈশিষ্ট্য দেখে ধারণা করা যায় যে পুরো বইটি সম্ভবত একজন প্রধান লেখকের হাতে লেখা হয়েছিল।
তবে একটি নামকে ঘিরে বহুদিন ধরে রহস্য রয়েছে। নামটি হলো - Herman
পাণ্ডুলিপির একটি তালিকায় “Herman” নামের একজন ব্যক্তির উল্লেখ পাওয়া যায়, যার পাশে ল্যাটিন শব্দ ‘inclusus’ লেখা রয়েছে।
‘Inclusus’ বলতে এমন একজন ধর্মীয় ব্যক্তিকে বোঝায় যিনি ধর্মীয় কারণে নিজেকে একটি নির্জন কক্ষে আবদ্ধ করে জীবনযাপন করতেন। এই তথ্য থেকেই পরবর্তী সময়ে একটি গল্প তৈরি হয়। হয়তো সেই Herman-ই ছিলেন সেই সন্ন্যাসী, যিনি শয়তানের সাহায্যে এক রাতের মধ্যে বইটি লিখেছিলেন।
মধ্যযুগ থেকেই Codex Gigas-কে ঘিরে একটি ভয়ংকর গল্প প্রচলিত ছিল। কথিত আছে, এক সন্ন্যাসী গুরুতর পাপ করেছিলেন। শাস্তি হিসেবে তাকে জীবন্ত দেয়ালের মধ্যে আটকে দেওয়া হয়। নিজের অপরাধের প্রায়শ্চিত্ত করতে সে প্রতিজ্ঞা করল, সে এমন একটি বিশাল বই লিখবে, যা তার পাপের প্রায়শ্চিত্ত হিসেবে কাজ করবে। তখন সে ডাকল শয়তানকে। শয়তান এসে তাকে সাহায্য করল। বিনিময়ে চাইল তার আত্মা।
আরো একটি জনসমর্থিত গল্প হলো- একবার এক সন্ন্যাসী গুরুতর পাপ করেছিলেন। রাজা তাকে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দিলেন। তখন সন্ন্যাসী রাজাকে বললেন, রাজা আমাকে একটি রাত সময় দিন। আমি প্রায়শ্চিত্ত হিসেবে এক রাতের মধ্যে এমন একটি বই লিখব যেখানে পৃথিবীর সব জ্ঞান লিপিবদ্ধ থাকবে। রাজা তাকে সময় দিলেন, সন্ন্যাসী বইটিও লিখল। সেই বইটি লিখতে সন্ন্যাসী এক শয়তানের সাহায্য চাইলেন। শয়তান সাহায্য করলো, আর রাজাও সন্ন্যাসী কে মুক্তি দিলেন বটে – কিন্তু সন্ন্যাসীর মুক্তি মিলল কই ? কেননা বই লিখার বিনিময়ে শয়তান সন্ন্যাসীর আত্মাকে বশ করেছিল। আর সেই কারনেই বইয়ের পাতায় শয়তানের একটি বিশাল প্রতিকৃতিও আঁকা হলো।
এই গল্পই ধীরে ধীরে Codex Gigas-কে “Devil’s Bible” বা “শয়তানের বাইবেল” নামে পরিচিত করে তোলে। কিন্তু National Library of Sweden নিজেই স্পষ্ট করে বলছে- এই গল্পের বাস্তব ভিত্তি নেই। অর্থাৎ শয়তান এসে বই লিখতে সাহায্য করেছিল- এমন কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। বরং এই মুখরোচক গল্পটি সম্ভবত বইটির অস্বাভাবিক বিশালতা দেখে মানুষের কল্পনা থেকেই তৈরি হয়েছিল।
তাহলে বইটির পাতায় শয়তানের ছবি কেন? এটাই Codex Gigas-এর সবচেয়ে বিখ্যাত বৈশিষ্ট্য। বইটির একটি পূর্ণ পৃষ্ঠাজুড়ে রয়েছে শয়তানের বিশাল প্রতিকৃতি। এই ছবিই সম্ভবত বইটির রহস্যময় খ্যাতিকে আরও বাড়িয়ে দিয়েছে।
এই বইটির আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো- এর এক পাশে রয়েছে স্বর্গীয় নগরী বা Heavenly Jerusalem-এর চিত্র, আর অন্যদিকে রয়েছে শয়তানের প্রতিকৃতি। এই দুই চিত্র পাশাপাশি থাকার বিষয়টিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
একদিকে - স্বর্গ। অন্যদিকে - শয়তান। এই প্রতিক দিয়ে আসলে এই বইয়ে কি বোঝানো হয়েছে তা অতি গভির অর্থবহ ।
হয়তোবা মধ্যযুগীয় ধর্মীয় চিন্তায় ভালো ও মন্দের এই বিপরীত অবস্থান মানুষের মনে যাতে গভীর প্রভাব ফেলে তাই হয়তো বইটিতে একদিকে - স্বর্গ অন্যদিকে - শয়তান প্রতিক ব্যবহার করা হয়েছে।
তবে বইটির ভেতরে কি শুধু বাইবেল লেখা রয়েছে? এটাই সবচেয়ে বড় চমক। ‘Devil’s Bible’ নাম শুনলে মনে হতে পারে বইটির ভেতরে হয়তো শয়তানের ধর্মীয় গ্রন্থ বা অন্ধকার কোনো উপাসনার লেখা রয়েছে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। Codex Gigas-এর প্রায় অর্ধেক অংশ জুড়ে রয়েছে Old Testament এবং New Testament-এর বিভিন্ন বই।
আর এর বাকি অংশে রয়েছে বিভিন্ন ধরনের ধর্মীয়, ইহুদি ইতিহাসের সঙ্গে সম্পর্কিত লেখা, Bohemia-এর ইতিহাস, চিকিৎসা বিষয়ক জ্ঞান এবং আরও বিভিন্ন ধরনের তথ্য। অর্থাৎ এটি কোনো ‘শয়তানের ধর্মগ্রন্থ’ নয়। বরং এটি মধ্যযুগের মানুষের জ্ঞান, ধর্ম, ইতিহাস ও বিশ্বাসকে এক বিশাল পাণ্ডুলিপির মধ্যে একত্র করার একটি অসাধারণ প্রচেষ্টা।
তবে Codex Gigas-এ সত্যিই কিছু spells বা মন্ত্রজাতীয় লেখা রয়েছে। National Library of Sweden-এর তথ্য অনুযায়ী, বইটির একটি অংশে কয়েকটি spell এবং magic formula রয়েছে। এর মধ্যে কিছু লেখা রোগ বা জ্বরের বিরুদ্ধে ব্যবহারের উদ্দেশ্যে তৈরি ছিল। আবার কিছু সূত্রে চোর ধরার জন্য বিভিন্ন ritual বা formula-এর উল্লেখ রয়েছে।
Codex Gigas-এর মধ্যে রয়েছে প্রায় পাঁচ পৃষ্ঠার একটি confession of sins বা পাপ স্বীকারের বিশেষ লেখা। এটি শয়তানের ছবির কাছাকাছি অংশে রয়েছে।
একজন ধর্মীয় ব্যক্তি সেখানে নিজের পাপ স্বীকার করছেন এবং ক্ষমা ও করুণার জন্য প্রার্থনা করছেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই ধরনের পাপের স্বীকারের উদ্দেশ্য ছিল মানুষকে তার দুর্বলতা সম্পর্কে সচেতন করা এবং পাপ থেকে দূরে থাকতে উৎসাহিত করা।
এবার আসি সবচেয়ে ভাইরাল দাবিতে। অনেক জায়গায় বলা হয়- ‘Devil’s Bible মানুষের রক্ত দিয়ে লেখা হয়েছিল। কিন্তু এর পক্ষে নির্ভরযোগ্য ঐতিহাসিক কোন প্রমাণ নেই।
Codex Gigas একটি পার্চমেন্ট পাণ্ডুলিপি। এর পাতাগুলো সম্ভবত calfskin বা বাছুরের চামড়া থেকে তৈরি হয়েছিল। এর লেখা মধ্যযুগীয় ল্যাটিন লিপিতে তৈরি। তাই ‘মানুষের রক্ত দিয়ে পুরো বই লেখা হয়েছিল; - এই দাবি ইতিহাস সম্মত তথ্য নয়। বরং এটিকে পরবর্তী যুগের sensational legend বা জনপ্রিয় রহস্যকাহিনি হিসেবে দেখা বেশি যুক্তিসঙ্গত।
তাহলে এত বড় বই একজন মানুষ কীভাবে লিখল? এখানে রয়েছে সবচেয়ে বাস্তবসম্মত রহস্য। একজন মানুষ কি সত্যিই এক রাতের মধ্যে এমন বই লিখতে পারে? তা প্রায় অসম্ভব। কারণ বইটিতে রয়েছে শত শত পৃষ্ঠা, বিশাল পরিমাণ লেখা এবং অলংকরণ।
National Library of Sweden-এর গবেষণাও এক রাতের মধ্যে বইটি লেখা হয়েছিল- এই তথ্যকে বাস্তব বলে স্বীকার করে না। বরং গবেষকদের কাছে এটি সম্ভবত দীর্ঘ সময় ধরে তৈরি হওয়া একটি বিশাল প্রকল্প। একজন দক্ষ medieval scribe বছরের পর বছর ধরে লিখে থাকলে এই কাজ বাস্তবসম্মত হয়ে ওঠে।
National Library-এর তথ্য অনুযায়ী, একজন ব্যক্তির ক্ষেত্রে এমন একটি পাণ্ডুলিপি সম্পূর্ণ করতে একটি পুরো জীবনকাল পর্যন্ত সময় লাগতে পারে বলে অনুমান করা হয়েছে। অর্থাৎ এক রাত নয়। বরং সম্ভবত বহু বছরের শ্রম।
Codex Gigas-এর পাণ্ডুলিপির প্রথম পরিচিত মালিক ছিল Podlažice Monastery। ১২৯৫ সালে একটি নোট থেকে জানা যায় যে Podlažice Monastery পাণ্ডুলিপিটি Sedlec-এর একটি মঠের কাছে বন্ধক রেখেছিল।
পরবর্তীতে একই বছর এটি Benedictine Order-এর Břevnov Monastery-এর জন্য পুনরায় অধিগ্রহণ করা হয়। অর্থাৎ বইটি শুধু ধর্মীয় পাণ্ডুলিপি ছিল না - সেই সময় এটি এত মূল্যবান ছিল যে একে সম্পদের মতো ব্যবহার করা হয়েছিল।
পরবর্তীতে ১৬শ শতাব্দীর শেষদিকে ইউরোপের শক্তিশালী শাসক Rudolf II Codex Gigas নিজের সংগ্রহে নিয়ে যান। তিনি রহস্যময়, অদ্ভুত এবং বিরল জিনিস সংগ্রহের জন্য পরিচিত ছিলেন।
এরপর আসে ইউরোপের ভয়ংকর Thirty Years’ War। ১৬৪৮ সালে সুইডিশ সেনাবাহিনী Prague দখলের সময় Codex Gigas যুদ্ধের লুট হিসেবে নিয়ে যায়। এরপর বইটি চলে যায় Sweden-এ। সেখানেই ধীরে ধীরে এটি সুইডিশ রাজকীয় সংগ্রহের অংশ হয়ে ওঠে।
১৬৯৭ সালের ৭ মে Stockholm-এর Tre Kronor Royal Palace-এ ভয়াবহ আগুন লাগে। রাজপ্রাসাদের বিশাল বই ও পাণ্ডুলিপি সংগ্রহের অধিকাংশই পুড়ে যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে Codex Gigas বেঁচে যায়। জনশ্রুতি অনুযায়ী, আগুনের সময় কেউ বিশাল বইটি জানালা দিয়ে বাইরে ছুড়ে ফেলেছিল। বইটি নিচে পড়ে একজন ব্যক্তিকে আহত করেছিল-এমন গল্পও প্রচলিত আছে। আগুনলেগে বইটির binding গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং পাণ্ডুলিপিটি কোনোভাবে বেঁচে যায়।
ভাবুন -যে বইকে মানুষ শয়তানের বই বলে ভয় পেত, সেই বই আবার আগুনের ভয়াবহ ধ্বংসযজ্ঞ থেকেও বেঁচে গেল! এই ঘটনাই হয়তো পরবর্তী প্রজন্মের কাছে বইটির রহস্য আরও বাড়িয়ে দিয়েছে।
মধ্যযুগের মানুষ বিস্মিত হয়েছিল এই বিশাল বই দেখে। যখন মানুষ আধুনিক প্রযুক্তি জানত না, যখন একটি বই হাতে লিখতে মাসের পর মাস বা বছরের পর বছর লেগে যেত, তখন এত বিশাল একটি বই দেখে মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জেগেছিল -‘এটি কি সত্যিই মানুষের কাজ?’ আর সেই প্রশ্ন থেকেই জন্ম নেয় - শয়তানের গল্প।
আজ আমরা সবাই জানি - Codex Gigas কোথায় তৈরি হয়েছিল। কখন তৈরি হয়েছিল। এর মধ্যে কী ধরনের লেখা আছে। কীভাবে এটি ইউরোপের এক মঠ থেকে রাজকীয় সংগ্রহে এবং পরে Sweden-এ পৌঁছেছিল। সব জানার পরেও একটি প্রশ্নের উত্তর বার বার জানতে মন চায় - ঠিক কে এই বিশাল বইটি লিখেছিল?
একজন মানুষ? একজন সন্ন্যাসী? নাকি একাধিক মানুষের দীর্ঘ শ্রম? এখানেই Codex Gigas-এর আসল রহস্য। কারণ শয়তানকে আমরা ইতিহাস দিয়ে বাদ দিতে পারি। মানুষের রক্তে লেখা হয়েছিল-এই দাবিরও প্রমাণ নেই। কিন্তু সেই অজ্ঞাত লেখক !!
যে মানুষটি শত শত পৃষ্ঠা হাতে লিখেছিল,যে মানুষটি এমন একটি বিশাল পাণ্ডুলিপি তৈরি করেছিল, তার পরিচয় আজও ইতিহাসের অন্ধকারে।
