ইউসুফ জুলেখার প্রেম কাহিনী | Yusuf Zulekha

ইউসুফ-জুলেখার-প্রেম কাহিনী-Yusuf-Zulekha

একজন নারী, যার কাছে ছিল সম্পদ, ক্ষমতা, রাজকীয় মর্যাদা এবং অসীম ঐশ্বর্য। আর অন্যদিকে একজন যুবক, যার সৌন্দর্য দেখে মানুষ বিস্ময়ে স্তব্ধ হয়ে যেত।


কিন্তু সেই সৌন্দর্যই একদিন হয়ে উঠেছিল তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা কেন্দ্র। এটি কি শুধুই প্রেমের গল্প? নাকি এটি ছিল আল্লাহর পরিক্ষা? কামনা, ধৈর্য, বিশ্বাস এবং ভাগ্যের এক অলৌকিক যাত্রা!

আজ আমরা জানব ইতিহাসের সবচেয়ে আলোচিত ও রহস্যময় প্রেম কাহিনী-


ইউসুফ – জুলেখার প্রেমঃ

হাজার হাজার বছর আগে, প্রাচীন কেনানের এক ভূমিতে জন্ম নেন এক অসাধারণ শিশু। তার নাম ছিল ইউসুফ। শৈশব থেকেই তিনি ছিলেন অন্যদের থেকে আলাদা।


এক রাতে তিনি একটি বিস্ময়কর স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন সূর্য, চন্দ্র এবং এগারোটি নক্ষত্র তাকে সেজদা করছে। তার পিতা, মহান নবী ইয়াকুব বুঝতে পারলেন- এই শিশুর ভবিষ্যৎ সাধারণ নয়।


কিন্তু যেখানে আলো থাকে, সেখানেই ছায়াও জন্ম নেয়। ইউসুফের ভাইয়েরা তার প্রতি ঈর্ষান্বিত হয়ে উঠল। একদিন তারা ষড়যন্ত্র করল। তারা ইউসুফকে একটি গভীর কূপে ফেলে দিল।


অন্ধকার কূপের ভেতর একা পড়ে থাকা সেই কিশোর জানত না, তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় শুরু হয়ে গেছে।


কিছু সময় পর এক কাফেলা তাকে উদ্ধার করে। কিন্তু মুক্তি পেলেও ভাগ্য তার জন্য অন্য পরিকল্পনা করে রেখেছিল। তাকে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হলো মিশরে। সেখানে তাকে কিনে নিলেন মিশরের একজন উচ্চপদস্থ রাজকর্মচারী। আর সেখানেই তার প্রথম দেখা হয়- জুলেখার সঙ্গে।


রাজপ্রাসাদে জুলেখা প্রথমবার ইউসুফকে দেখে যেন নিজেই নিজেকে হারিয়ে ফেললেন। এমন সৌন্দর্য সে আগে কখনও দেখেনি। দিন গড়াতে লাগল। আর জুলেখার হৃদয়ে জন্ম নিতে লাগল এক অদ্ভুত প্রেমের অনুভূতি। যা ধীরে ধীরে পরিণত হলো গভীর আকর্ষণে।


মিশরের রাজপ্রাসাদ। নীরব করিডোর। সোনালী দরজা। আর একদিন ইউসুফকে ডেকে নিয়ে জুলেখা সমস্ত দরজা বন্ধ করে দিল।


তার হৃদয় বহুদিন ধরে যে গোপন আকাঙ্ক্ষা লালন করছিল, আজ সে তা প্রকাশ্যে চাইল। কিন্তু ইউসুফ ছিলেন ভিন্ন। তিনি জানতেন সত্য ও ন্যায়ের পথ। একজন নারীর প্রলোভনের সামনে তিনি মাথা নত করলেন না।


ইউসুফ দরজা খুলে দ্রুত সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেন। ঠিক সেই মুহূর্তে জুলেখা পেছন থেকে তার জামা টেনে ধরে থামাতে চায়, অমনি তার গায়ের জামা পেছন থেকে ছিঁড়ে যায়। এবং এই জঘন্য ঘটনা পুর মহলে প্রকাশ পেতে শুরু করে।


কিন্তু ক্ষমতাবানদের সমাজে সত্য সবসময় সহজে জয়ী হয় না। জুলেখা নিজেকে বাঁচানোর জন্য, মিথ্যে অভিযোগের মুখে ইউসুফকেই অভিযুক্ত করা হলো।


আর শুরু হলো তার জীবনের আরেকটি কঠিন অধ্যায়। ঘটনার কথা দ্রুত ছড়িয়ে পড়ল পুরো মিশরে। অনেক নারী জুলেখাকে নিয়ে উপহাস করতে লাগল। তারা বলল- “একজন সাধারণ দাসের জন্য এত আকর্ষণ তোমার?”


জুলেখা তখন এক অভিনব পরিকল্পনা করল। সে মিশরের অভিজাত নারীদেরকে একটি ভোজের আমন্ত্রণ জানাল। অতিথিদের প্রত্যেকের হাতে দিল ফল এবং একটি করে ধারালো ছুরি। তারপর ইউসুফকে ডাকা হলো সেখানে।

Yusuf-Zulekha

যখন ইউসুফ ঘরে প্রবেশ করলেন, নারীরা তার সৌন্দর্যে এতটাই বিস্মিত হলো যে তারা ফল কাটার বদলে নিজেদের হাত কেটে ফেলল।


তারা বলতে লাগল,- “এ কোন সাধারণ মানুষ নয়, যেন আসমান থেকে নেমে আসা কোনো মহিমান্বিত ফেরেশতা!” সেদিন সবাই বুঝতে পারল- জুলেখার হৃদয় কেন ইউসুফের প্রেমে বন্দী হয়ে গিয়েছিল।


বাদশার আদেশে ইউসুফকে কারাগারে পাঠানো হলো। একদিন নয়, এক মাস নয়,  বহু বছর অন্ধকার কারাগারের ভেতরেও তিনি ধৈর্য হারালেন না। কারাগারে তিনি বন্ধি মানুষদের স্বপ্নের ব্যাখ্যা দিতে লাগলেন। তার জ্ঞান ও প্রজ্ঞার খবর পৌঁছে গেল রাজপ্রাসাদ পর্যন্ত।


এবং একদিন,- মিশরের রাজা একটি রহস্যময় স্বপ্ন দেখলেন। যার ব্যাখ্যা দিতে ব্যর্থ হলো পুরো রাজসভা। শুধু একজন পারলেন। কারাগারের সেই বন্দী,- ইউসুফ। কারাগারের দরজা খুলে গেল। যে যুবক একসময় দাস ছিল, যে অন্যায়ভাবে বন্দী হয়েছিল, সেই ইউসুফই হয়ে উঠলেন মিশরের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি। 


ইউসুফের ঠাই হলো মিসরের রাজ দরবারে। অবশেষে সত্য প্রকাশ পেল। জুলেখার অভিযোগ মিথ্যে ছিলো এবং ইউসুফ নির্দোষ প্রমাণিত হলেন। ভাগ্যের চাকা ঘুরে গেল। আর বহু বছর পর আবার তার সামনে উপস্থিত হলেন জুলেখা। এবার আর রাজপ্রাসাদের গর্বিত নারী হিসেবে নয়। বরং জীবনের কঠিন বাস্তবতায় পরিবর্তিত একজন সাধারণ নারী হিসেবে।


সময়ের সঙ্গে সঙ্গে জুলেখার হৃদয়ে পরিবর্তন আসে। মোহ ও আকর্ষণের জায়গায় জন্ম নেয় সত্যিকারের ভালোবাসা ও আত্মিক উপলব্ধি। আর ইউসুফের জীবনের সংগ্রাম প্রমাণ করে-


সৌন্দর্যের চেয়েও মূল্যবান হলো চরিত্র। ক্ষমতার চেয়েও শক্তিশালী হলো ধৈর্য। আর ভাগ্যের সবচেয়ে অন্ধকার রাতের পরেও আসতে পারে আলো। এই কারণেই হাজার বছর পেরিয়ে গেলেও,-

ইউসুফ ও জুলেখার ঘটনা আজও মানুষকে মুগ্ধ করে। কারণ এটি শুধু প্রেমের গল্প নয়। এটি বিশ্বাস, আত্মসংযম, আল্লাহর পরীক্ষা এবং বিজয়ের এক চিরন্তন মহাকাব্য।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url